বিদেশি নাগরিকদের কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে নতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া। ‘সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসা’ নামে এই ভিসায় বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। ভিসা কার্যকর হবে ১২ নভেম্বর ২০২৬ থেকে।
প্রশিক্ষণের জন্য আলাদা ভিসা
অস্ট্রেলিয়ার নতুন ব্যবস্থায় যোগ্য বিদেশি নাগরিকেরা তাঁদের বর্তমান পেশা, উচ্চশিক্ষার বিষয় বা নির্দিষ্ট কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রশিক্ষণ নিতে পারবেন। পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ থাকবে। এ জন্য স্টুডেন্ট ভিসা নেওয়ার প্রয়োজন হবে না।
এই ভিসায় অস্ট্রেলিয়ায় থাকার সময়সীমা সর্বোচ্চ দুই বছর হতে পারে। তবে প্রত্যেক আবেদনকারীর প্রশিক্ষণ কর্মসূচি এবং অন্যান্য শর্তের ভিত্তিতে ভিসার মেয়াদ নির্ধারিত হবে। থাকার অনুমতি থাকলেও এই ভিসার অধীনে অস্ট্রেলিয়ায় কোনো কাজ করার অনুমতি থাকবে না।
যে ধরনের প্রশিক্ষণ নেওয়া যাবে
সাবক্লাস ৪০৭ ভিসার আওতায় প্রশিক্ষণের সুযোগগুলো মূলত পেশাগত নিবন্ধন, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মসূচিকে ঘিরে। এর মধ্যে রয়েছে:
- কোনো পেশায় নিবন্ধন বা লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ
- নির্দিষ্ট যোগ্য পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর প্রশিক্ষণ
- বিদেশে পেশাগত সক্ষমতা উন্নয়ন, উচ্চতর যোগ্যতা বা বিশেষ উন্নয়নমূলক কর্মসূচির প্রশিক্ষণ
স্পনসর ও মনোনয়নের শর্ত
ভিসার জন্য আবেদনকারীকে অস্ট্রেলিয়ায় একজন অনুমোদিত স্পনসর থাকতে হবে। সাধারণ নিয়ম অনুযায়ী, ওই স্পনসর প্রতিষ্ঠানকে আবেদনকারীর জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন জমা দিতে হবে। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ সেই মনোনয়ন অনুমোদন করার পর ভিসা প্রক্রিয়া এগোবে।
অর্থাৎ, শুধু অস্ট্রেলিয়ায় যাওয়ার ইচ্ছা বা সাধারণ চাকরি পাওয়ার পরিকল্পনা থাকলেই এই ভিসায় আবেদন করা যাবে না। আবেদনকারীর জন্য নির্ধারিত প্রশিক্ষণের উদ্দেশ্য, অনুমোদিত স্পনসর এবং প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন থাকতে হবে।
আবেদনের সময় দেশের বাইরে থাকতে হবে
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করতে হবে। ভিসা অনুমোদনের সময়ও তাঁকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। এই শর্ত বাংলাদেশিসহ যেকোনো দেশের নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভিসাটি সাধারণ চাকরি বা পড়াশোনার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট পেশাগত প্রশিক্ষণ, স্পনসর প্রতিষ্ঠান এবং অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে আবেদনটি যুক্ত থাকতে হবে।