শীতের সকালে ঘুম থেকে উঠে ঠোঁটে টান ধরা, মুখের ত্বক রুক্ষ হয়ে যাওয়া কিংবা হাত-পায়ের চামড়া ফেটে যাওয়া অনেকেরই পরিচিত অভিজ্ঞতা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ত্বকের নিজস্ব বৈশিষ্ট্যও এ সমস্যার পেছনে কাজ করে। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি দ্রুত বাষ্প হয়ে বেরিয়ে যেতে পারে।
কম আর্দ্রতায় ত্বকের সুরক্ষাস্তর দুর্বল হয়
ত্বকের বাইরের স্তর শরীরের আর্দ্রতা ধরে রাখে এবং বাইরের ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়। তবে কম তাপমাত্রা ও কম আর্দ্রতার পরিবেশে এই স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা দুর্বল হতে পারে। ২০১৬ সালে জার্নাল অব দ্য ইউরোপিয়ান একাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজিতে প্রকাশিত একটি পর্যালোচনা গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এর ফলে ত্বক শুষ্ক, সংবেদনশীল ও চুলকানিপ্রবণ হয়ে উঠতে পারে।
ঠোঁটে শুষ্কতা বাড়ে যে কারণে
শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের ওপরের আবরণ পাতলা। সেখানে পর্যাপ্ত তেলগ্রন্থি না থাকায় ঠোঁট স্বাভাবিকভাবে আর্দ্রতা ধরে রাখতে কম সক্ষম। শুষ্ক বাতাসে ঠোঁটের আর্দ্রতা দ্রুত কমে যায়।
এর সঙ্গে বারবার জিব দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। লালা শুকিয়ে যাওয়ার পর ঠোঁট বেশি শুষ্ক হয়ে পড়ে। একপর্যায়ে চামড়া ওঠা, ফাটল, জ্বালাপোড়া এবং রক্তপাতও হতে পারে।
গরম পানি ও কড়া সাবানের প্রভাব
শীতের সকালে অতিরিক্ত গরম পানিতে গোসল আরামদায়ক মনে হলেও এতে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যেতে পারে। দীর্ঘ সময় গোসল করা এবং কড়া সাবান ব্যবহার করলেও ত্বকের সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হয়। এতে শুষ্কতা আরও বেড়ে যেতে পারে।
শীতের যত্নে যে অভ্যাসগুলো রাখা যায়
ত্বকের শুষ্কতা কমাতে দৈনন্দিন অভ্যাসে কয়েকটি পরিবর্তন আনা যায়। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (এএডি) শুষ্ক ত্বক ও ফাটা ঠোঁটের যত্নে যেসব অভ্যাসের পরামর্শ দিয়েছে, সেগুলো হলো:
- অতিরিক্ত গরম পানির বদলে কুসুম গরম পানিতে গোসল করা
- গোসলের পরপরই ঘন ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা
- ঠোঁটে সুগন্ধিমুক্ত লিপ বাম লাগানো
- ঠোঁট জিব দিয়ে ভেজানো এবং শুকনো চামড়া টেনে তোলা বন্ধ করা
- বাইরে গেলে এসপিএফ ৩০ বা তার বেশি সুরক্ষাযুক্ত লিপ বাম ব্যবহার করা
নিয়মিত যত্ন নেওয়ার পরও ত্বক বা ঠোঁটের ফাটল না সারলে, প্রদাহ দেখা দিলে কিংবা রক্তপাত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে এএডি। কারণ সব ধরনের শুষ্কতা শুধু আবহাওয়ার পরিবর্তনের কারণে নাও হতে পারে।