২০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি
দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাবে ২০ নভেম্বর। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রে একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে সময়, শেকড় ও অস্তিত্বের নানা দিক তুলে ধরা হয়েছে।
সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। পরিবেশক সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া মঙ্গলবার রাতে সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানায়।
বাবার পরিচালনায় ভাবনার প্রথম সিনেমা
‘যাপিত জীবন’-এ অভিনয়ের পাশাপাশি নির্মাণের বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন ভাবনা। এটি তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথম সিনেমা। চলচ্চিত্রটির তিন বছরের পথচলাকে নিজের কাছে বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।
“আমার বাবা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করবো কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম মেমোরি ও ইতিহাস হয়ে থাকবে।”
ভাবনা জানান, ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি। তবে নির্মাণের পাশাপাশি প্রযোজনার নানা কাজেও যুক্ত থাকায় এটি তাঁর জন্য অন্য সিনেমার চেয়ে আলাদা অভিজ্ঞতা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে সিনেমাটির শুটিং হয়েছে ২০ দিন।
পোস্টারে পারিবারিক আবহ
মঙ্গলবার রাতে প্রকাশিত পোস্টারে একটি পরিবারের ছবি তুলে ধরা হয়েছে। ভাবনার ভাষ্যে, পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। পোস্টারের পারিবারিক আবহ দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলেও জানান তিনি।
“পোস্টারের ভেতরেই একধরনের স্থিরতা ও স্বস্তি রয়েছে। সোশাল মিডিয়ায় সব ইতিবাচক মন্তব্য পাচ্ছি। পোস্টারের মাঝখানে একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে মধ্যবিত্ত পরিবারগুলো পুরো পরিবার নিয়ে সিনেমা হলে আসার আগ্রহ দেখাচ্ছে।”
প্রচারণার সীমাবদ্ধতা নিয়ে ভাবনা
মুক্তির আগে প্রচারণার জন্য সময় কম পাওয়া এবং বিপণনের সীমাবদ্ধতার কথাও বলেছেন ভাবনা। তাঁর মতে, সরকারি অনুদানে সিনেমা নির্মাণ হলেও প্রচারণার জন্য আলাদা বাজেট দরকার হয়। বাংলাদেশে পুরো প্রচারণা পরিচালনার মতো পেশাদার এজেন্সির ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভাবনা বলেন, নিজেদের উদ্যোগে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সিনেমাটির প্রচার চালাতে হচ্ছে। তাঁর ভাষায়, ‘যাপিত জীবন’ দেশের গল্প, অনুভূতি, বেদনা এবং মানুষের শেকড় ও অস্তিত্বের সঙ্গে যুক্ত একটি চলচ্চিত্র।
সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। তাঁদের চরিত্রের নাম সোবহান ও আফসানা।